যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে কট্টর ইসলামিক সংগঠন তালেবানের সঙ্গে অস্ত্রধারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন।
আফগান মিডিয়া টোলো নিউজের খবরে বলা হয়, সোমবার (২৫ অক্টোবর) পশ্চিমাঞ্চলীয় হেরাতে প্রদেশে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সূত্রের বরাতে করা প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন সদস্য নিহত হয়েছেন। এবার যে ঘরে আক্রমণটি চালানো হয়েছে, সেটির মালিক আইএস সংশ্লিষ্ট কেউ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাত প্রাদেশিক পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানি দাবি করেন, সংঘর্ষে এখন পর্যন্ত চার অপহরণকারী প্রাণ হারিয়েছে।
হেরাতের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেছেন, আমরা এখন পর্যন্ত বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি।
ইসলামিক আমিরাতের এক সদস্যের মতে, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। যা বিকাল ৪টা পর্যন্ত চলে। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল। ঘটনাস্থলের আশপাশের বেশকিছু ঘর এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।